পুতিন গায়েব!

 ‘কোথায় পুতিন’-এই প্রশ্নটি এখন রাশিয়ার নাগরিকদের মনে ঘুরপাক খাচ্ছে। বিশ্বের অন্যতম একটি প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট হওয়ায় সেই প্রশ্ন নাড়া দিয়েছে বিশ্বের সচেতন মানুষের মনে। তাইতো বিশ্ব গণমাধ্যমে পুতিনের অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা।

গত এক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট পুতিনকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। পুতিন আকস্মিকভাবে তার কাজাখস্তান সফর বাতিল করেন। এরপর দক্ষিণ ওসেটার সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও সেই দেশের প্রতিনিধিদের মস্কো আসতে নিষেধ করা হয়। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি’র বার্ষিক বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আর তার এই অনুপস্থিতিতে যেসব গুজব মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তার মধ্যে রয়েছে, ‘পুতিন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত এবং চিকিত্সা নিতে মস্কোর বাইরে গেছেন। স্ত্রীর সন্তান জন্মদান উপলক্ষে তিনি সুইজারল্যান্ডও যেতে পারেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। রাজপ্রাসাদ ক্রেমলিনে ‘ক্যু’ ঘটেছে এবং তাকে আটকে রাখা হয়েছে সেখানে। ৬২ বছর বয়সেই মারা গেছেন পুতিন!’ তবে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য ভাল আছে। - এনডিটিভি