খালেদা জিয়া নিজের গায়ে নিজেই ছোবল দিচ্ছেন :মতিয়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গি নেত্রী খালেদা জিয়া নিজের গায়ে নিজেই ছোবল দিয়ে মরবেন। সেদিন আর বেশি দূরে নয়। খালেদা জিয়া দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। মায়ে-পুতে মিলে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন আগুনে পুড়িয়ে ধ্বংস করতে চেষ্টা করছেন।

তিনি গতকাল শনিবার বিকেলে নরসিংদী জেলা ১৪ দলের উদ্যোগে বিএনপি, জামায়াতের হরতাল, অবরোধ, পেট্রোল বোমায় মানুষ হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি, পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, ওয়ার্কার্স পার্টির সদস্য কামরুল আহসান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এমএ গণী, ন্যাপের এড. শফিক আহমদ খান, সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, বেগম জিয়া গত ৬৭ দিন ধরে আন্দোলন করে যৌক্তিক পরিণতির কি অগ্রগতি এনেছেন তা আমাদের প্রশ্ন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করায় দেশবাসী তাকে পূর্বেই হলুদ কার্ড দেখিয়েছে। এখন তার সন্ত্রাসী রাজনীতির কারণে জনগণ তাকে লাল কার্ড দেখাচ্ছেন।