লন্ডনের প্রাণকেন্দ্রে পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রায় ৯ ফিট দীর্ঘ একটি ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে। শনিবার মূর্তিটি উদ্বোধন করা হয়।
বিবিসির খবরে জানানো হয়, পার্লামেন্ট স্কয়ারের প্রায় মাঝখানেই গান্ধীর পুরনো প্রতিপক্ষ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উনস্টন চার্চিলের ভাস্কর্যের উল্টোপাশেই বসানো হচ্ছে মহাত্মা গান্ধীর ভাস্কর্য। যে ব্রিটিশ সরকার একসময় গান্ধীকে নিয়ে বিদ্রুপ করেছে, তারা এখন এ মানুষটির নিরহঙ্কার এবং অহিংস উপায়ে তৎকালীন ব্রিটিশ স¤্রাজ্যের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি সম্মান প্রদর্শন করছে।
IMG0
ভাস্কর্যটি নির্মানে খরচ হয়েছে প্রায় ১০ লাখ পাউন্ড। যে অর্থ সংগ্রহ করেছে লর্ড মেঘনাদ দেসাইয়ের নেতৃত্বে গান্ধি স্ট্যাচু মেমোরিয়াল ট্রাস্ট। লর্ড দেসাই বলেছেন, ‘এটি খুব দারুণ একটি জায়গা। একপাশে চার্চিল, আর গান্ধী তাকিয়ে আছেন পার্লামেন্টের দিকে। গান্ধী এবং ভারতীয় ন্যাশনাল কংগ্রেস যে উপায়ে স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, সেকারণেই ভারত এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা গণতান্ত্রিক এবং বৈধভাবে লড়াই করেছে। এমনকি তারা আইনও ভেঙেছে বৈধভাবে এবং তার পরিণতি ভোগ করতেও তারা পিছপা হয়নি।’