প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এ বছর বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৮৩ জন মেধাবৃত্তি (ট্যানেন্টপুল) এবং ৩২ হাজার ৪৯৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
এবার মোবাইল অ্যাপ থেকেও বৃত্তির ফল জানা যাবে। যে কোনো অ্যানড্রয়েড মোবাইল থেকে (https://play.google.com/store/apps/details?id=com.coderainbd.primaryterminalresult) অ্যাপটি ডাইনলোড করা যাবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকেও বৃত্তিপ্রাপ্তদের তালিকা জানা যাবে বলে জানান ফিজার।
সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন। মন্ত্রী জানান, মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড় শ’ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাইকে বছরে এককালীন দেড় শ’ টাকা করে দেয়া হবে।