সংকট সমাধানে গ্রহণযোগ্য ফর্মুলায় যেতে হবে: অধ্যাপক ইমতিয়াজ

 
 
আর্ন্তজাতিক রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা যেমন সম্ভব না একইভাবে ৫ জানুয়ারির ফর্মুলাও আর সম্ভব না। তাই তৃতীয় কোন গ্রহণযোগ্য ফর্মুলায় যেতে হবে। এজন্য শুধু রাজনৈতিক চুক্তি নয় বরং রাজনৈতিক দলগুলির মধ্যে একটা সামাজিক চুক্তিরও প্রয়োজন রয়েছে।
 
রবিবার তেজগাঁওস্থ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক পাবলিক পার্লামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
অধ্যাপক ড. ইমতিয়াজ বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুই দলের উভয় পক্ষে ২৫ থেকে ৩৫ শতাংশ জনসমর্থন রয়েছে। যা কখনো সরানো যাবে না। মাঝখানে কিছু সুইং ভোট থাকে তারা পরিবর্তিত হলে সরকার পরিবর্তন হয়। সরকার পরিবর্তিত হলে হেরে যাওয়া দলের উপর এক ধরনের সুনামি চলে আসার ভয় থাকে বলে কেউ নির্বাচন দিতে চায় না। সেজন্য বিরোধীদের স্পেস দিতে হবে। যাতে নির্বাচনে হেরে গেলে তারা ক্ষতিগ্রস্ত না হয়।
 
বর্তমান রাজনীতিতে সরকার ও বিরোধীদের মুখোমুখি অবস্থান ও সংকটের প্রেক্ষাপটে আয়োজিত এই পাবলিক পার্লামেন্টে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই প্রতিযোগিতায় সরকারি দল ইডেন মহিলা কলেজ বিরোধী দল হিসেবে প্রাইম ইউনিভার্সিটিকে পরাজিত করে তৃতীয়স্থান অধিকার করে। -প্রেস বিজ্ঞপ্তি।