নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে একটি এনজিও অফিসে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭ টায় পঞ্চবটিতে রূপসী হাউজিং এলাকাতে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামের একটি এনজি অফিসে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪তলা ভবনের নিচতলায় এসএসএস অফিসে বিদ্যুতের কাজ করার সময়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে গ্যাসের একটি পাইপ ফেটে অফিসে আগুন ছড়িয়ে পড়ে। এতে বৈদ্যুতিক মিস্ত্রি নাসির ও আলম সহ এসএসএস অফিসের কর্মকর্তা আরমান, ফারুক, আলীম ও ওমরও দগ্ধ হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আমিনুল ইসলাম জানান, দগ্ধদের শরীরের অনেকাংশ পুড়ে গেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই আমির হোসেন জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার আগেই এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে। ৬ জন দগ্ধ হয়েছে জানতে পেরেছি। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।