ডিসেম্বরেই ত্রিপুরা থেকে আসছে বিদ্যুৎ

 
চলতি বছরের ডিসেম্বর মাসেই ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। ভারতের পালাটানা বিদ্যুত্ কেন্দ্র থেকে এই বিদ্যুৎ আমদানি করা হবে। এজন্য ত্রিপুরা থেকে কুমিল্লা পর্যন্ত মোট ৫৪ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে। 
এরমধ্যে বাংলাদেশ অংশে ২৮ কিলোমিটার এবং ভারত অংশে ২৬ কিলোমিটার। বাংলাদেশ অংশের সঞ্চালন লাইন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)।
‘ত্রিপুরা (ভারত) - কুমিল্লা দক্ষিণ (বাংলাদেশ) গ্রীড ইন্টারকানেকশন প্রজেক্ট’ প্রকল্পের আওতায় এই সঞ্চালন লাইন করা হচ্ছে।   
রবিবার পিজিসিবি কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান জিএস ইঞ্জিনিয়ারিং এ্ল কনস্ট্রাকশনের সাথে চুক্তি করেছে পিজিসিবি।
চুক্তি সই অনুষ্ঠানে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক তপন কুমার রায়, নির্বাহী পরিচালক (এইচআর) মোহাম্মদ শফিকউল্লাহ, প্রধান প্রকৌশলী (প্রকল্প) ফরিদ উদ্দিন আহমেদসহ পিজিসিবি এবং জিএস ইঞ্জিনিয়ারিং এর উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব মো. আশরাফ হোসেন এবং জিএস ইঞ্জিনিয়ারিং এর প্রকল্প ব্যবস্থাপক জং-দায়ে লিম চুক্তিপত্রে সই করেন।
সঞ্চালন লাইন করতে খরচ ধরা হয়েছে ৯৮ কোটি ৬১ লাখ টাকা। পিজিসিবি ও সরকারি অর্থে এই বিনিয়োগ হচ্ছে।