খাগড়াছড়ি শহর দিঘীনালা উপজেলা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সেখানকার পাহাড়ি সম্প্রদায়ের আন্দোলনকারীরা।
দীঘিনালা ভূমি রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচির কারণে প্রায় ২৫ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এতে করে খাগড়াছড়ি ছাড়াও দীঘিনাল সংলগ্ন রাঙ্গামাটির কয়েকটি এলাকার সাথে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে এবং টহল দিচ্ছে সেনা সদস্যরাও।
তবে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন টিটু জানান, "সেখানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং সড়কে অল্পকিছু যানবাহনও চলছে"।
তিনি বলেন, অবরোধের সমর্থনে কোথাও কোন পিকেটিং’র খবরও পাওয়া যায়নি।
দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ৫১ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প স্থাপনের কারণে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও পাহাড়িদের নামে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করছে ভূমি রক্ষা কমিটি।
রবিবার এ ধরনের কর্মসূচিকে ঘিরে সেনা সদস্যদের ওপর হামলা ও পরে নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণের ঘটনার কথা জানিয়েছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান।