নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ১৩ ঘণ্টা বয়সী একটি ছেলে নবজাতক চুরি হয়েছে। সন্তান হারানো মা সাথী বেগম ও শিশুটির নানির আর্ত-চিৎকারে এ সময় হাসপাতালে করুণ পরিবেশের সৃষ্টি হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার রৌহা ইউনিয়নের তেলিগাতী বড়গাড়া গ্রামের গার্মেন্টস কর্মী উজ্জল মিয়ার স্ত্রী সাথী বেগম (২২) প্রসব ব্যাথা নিয়ে রবিবার রাত আটটার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। রাত নয়টার দিকে তিনি স্বাভাবিকভাবে প্রথম পুত্র সন্তান জন্ম দেন।
সাথী কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বোরকা পরিহিত এক নারী ‘আমার শিশু পুত্রকে তার নানীর কোলে দেয়ার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে আমার বুকের ধনকে আর খুঁজে পাচ্ছিনা’।
হাসপাতালের আরএমও ডা. নিলোত্পল তালুকদার জানান, শিশু চুরি হওয়ার বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার জানান, আরএমও ডা. নিলোত্পল তালুকদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, ‘চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করে যাচ্ছে।’