ইরাকের রাজধানী বাগদাদে ২৭ বছর পর ফ্যাশন শো'র অায়োজন করা হয়। বাগদাদে সর্বশেষ এ ধরনের অায়োজন দেখা গিয়েছিল ১৯৮৮ সালে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (অাইএস) বিরুদ্ধে যৌথ বাহিনীর তুমুল লড়াইয়ের মধ্যেই এমন ফ্যাশন শো’র আয়োজন করা হল।
শুক্রবার বাগদাদের বিলাশবহুল রয়্যাল টিউলিপ হোটেলে এই ফ্যাশন শো চলে। শোতে বাগদাদের অভিজাত শ্রেণির লোকজনের সামনে মডেলরা বিভিন্ন নাম করা ফ্যাশন ডিজাইনারের তৈরি করা হরেক রকমের পোশাক পরে ক্যাটওয়াক করেন।
এই ফ্যাশন শো নিয়ে বাগদাদের অভিজাত শ্রেণির বিভিন্ন মানুষের মধ্যে দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
উম্মে মোস্তফা নামে এক মডেল জানান, তার স্বামী এই ফ্যাশন শো'র খবর পেয়েই সব কাজ বাদ দিয়ে শুরু করে দেন পরিকল্পনা। নতুন কাপড় কিনে পোশাকের ডিজাইন করতে বসে পড়েন।
তিনি আরো জানান, শেষ এ ধরনের শো দেখেছিলেন ১৯৮৮ সালে বাগদাদের প্যালেস্টাইন হোটেলে। বিষয়টি নিয়ে তার স্বামী বলেন, অামরা ফ্যাশন এবং ডিজাইন পছন্দ করি। কিন্তু এর পরেই নিরাপত্তা পরিস্থিতি সব কিছুকে প্রভাবিত করেছে। এরপরও এখানে উন্নয়ন হয়েছে। কিন্তু অামাদের ফ্যাশন শো বাইরের পৃথিবীকে দেখানোর সুযোগ হয়নি।