বাবুছড়া ভূমি রক্ষা কমিটির ডাকে সোমবার খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বিভিন্ন সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। দীঘিনালার বাবুছড়ায় বিজিবি’র ৫১নং ব্যাটালিয়ন এর সদর দপ্তর নির্মাণ কার্যক্রম বন্ধ এবং উচ্ছেদকৃত ২১ পাহাড়ী পরিবারকে তাদের নিজ জমিতে পুনর্বাসনের দাবিতে গত রবিবার আয়োজিত পদযাত্রায় বাধা প্রদান ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংগঠনটি আজ অবরোধের ডাক দেয়। উল্লেখ্য, বাবুছড়ায় ৫১ বিজিবি ব্যাটালিয়ন সদর প্রত্যাহার, উচ্ছেদকৃত ২১ পরিবারকে পুর্নবাসন ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বাবুছড়া অভিমুখে আহুত পদযাত্রাকে কেন্দ্র করে গত রবিবার দুপুরে উপজেলার কার্বারীটিলা নামক এলাকায় আইন শৃংখলাবাহিনীর সাথে ভূমি রক্ষা কমিটির সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে নিরাপত্তাবাহিনী ও বিক্ষোভকারীদের অন্তত ১৩ জন আহত হন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ১১জনকে আটক করেছে । তাছাড়া দীঘিনালা থানার পুলিশ অজ্ঞাতনামা কয়েক’শ লোককে আসামি করে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আজ সড়ক অবরোধের কারণে দীঘিনালা উপজেলার বিভিন্ন সড়ক ছাড়াও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার উদ্দেশ্যেও কোন যানবাহন খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি। হঠাৎ সড়ক অবরোধ ঘোষণার কারণে কয়েকশ যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। দীঘিনালা উপজেলা সদরে অবরোধের সমর্থনে কোন পিকেটিং চোখে না পড়লেও বাবুছড়া সড়কের বিভিন্ন স্থানে পিকেটাররা অবস্থান নিতে দেখা গেছে। অবরোধকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দিনভর উত্তেজনা বিরাজ করায় পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে ছিল।