মুন্সীগঞ্জে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু

 
শ্রীনগর উপজেলার পূর্ব কামারগাঁও গ্রামে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. জিহাদ (৭) ও মো. আশ্রাফুল ইসলাম (৭) স্কুল থেকে বাড়ি ফেরার সময় পানিতে ডুবে যায়। পরে তাদের নিথর দেহ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জিহাদ পূর্ব কামারগাঁও জিয়াউর রহমানের এবং আশ্রাফুল একই গ্রামের সাইফুল ইসলামের পুত্র।
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, পার্শ্ববর্তী বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষ করে তারা বাড়ি ফিরছিল। ধারনা করা হচ্ছে- কাউকে না জানিয়ে বই পাশে রেখে বাড়ির কাছের পুকুরটিতে তারা গোসল করতে গিয়ে ডুবে যায়।