বিসিকের চেয়ারম্যানসহ দু’জনকে দুদকের অব্যাহতি

অর্থ আত্মসাতের মামলা থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমদ হোসেন খান ও পরামর্শক প্রতিষ্ঠান স্থপতি সংসদ লিমিটেডের এমডি মহিউদ্দিনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। 
সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দুদক সূত্র জানায়, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) থাকাকালীন ঢাকা-ব্যাংকক ভ্রমণের সময় অবৈধভাবে বিমানভাড়া বাবদ ৮৯ হাজার ৮৭৪ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৪ সালের ৯ জুন রাজধানীর শাহবাগ থানায় দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পরামর্শক প্রতিষ্ঠান স্থপতি সংসদ লিমিটেডের এমডি মহিউদ্দিন খানকেও আসামি করা হয়েছিল।
সূত্র আরও জানায়, বিদেশে যাওয়ার বিষয়ে আহমদ হোসেন খানের কোনো সম্পৃক্ততা ছিল না। পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল তাকে বিদেশে নিয়ে যাওয়ার। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও বিল-ভাউচার ওই পরামর্শক প্রতিষ্ঠানই তৈরি করেছিল। এ ছাড়া মামলা তদন্তকালীন পরামর্শক প্রতিষ্ঠান স্থপতি সংসদ লিমিটেড ওই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। ফলে মামলার চার্জশিট না দিয়ে এফআরটি অনুমোদন করা হয়েছে।