এলজিইডির ৩ বছরের নথিপত্র চেয়েছে দুদক

 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বিভিন্ন প্রকল্পে গত তিন বছরের সব রেকর্ডপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক থেকে সোমবার এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে গত তিনবছরে গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কিত তথ্য ও তার নথীপত্র চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক ও প্রাতিষ্ঠানিক অনুসন্ধান ও তদন্ত টিমের প্রধান মাহবুবুল আলম স্বাক্ষরিত এই নোটিশে আগামি ২৯ মার্চের মধ্যে এলজিইডিকে এসব নথীপত্র দিতে বলা হয়েছে। 
দুদক সূত্র জানায়, এলজিইডতে পাঠানো ওই নোটিশে গত তিন বছরের এলজিইডির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ এবং পুনঃনির্মাণ প্রকল্পের নাম এবং প্রক্কলিত মূল্য, বরাদ্দকৃত অর্থের পরিমাণ, ঠিকাদার কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ, পরিশোধিত বিলের পরিমাণ, সংশোধিত বা পুনরায় বরাদ্দকৃত প্রকল্প ব্যয়ের পরিমাণ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। 
উল্লেখ্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্নীতি উদঘাটন ও প্রতিরোধের জন্য দুদক এই প্রাতিষ্ঠানিক অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করেছে। ওই টিমের নিয়মিত কাজের অংশ হিসেবেই এলজিইডির বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানে এ নোটিশ পাঠানো হয়েছে।