‘চিহ্নিত অশুভ শক্তি খালেদা-জামায়াতকে রুখে দিতে হবে’

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ও জামায়াত হলো দেশ ও জাতির শত্রু। চিহ্নিত এই অশুভ শক্তিকে রুখে দিতে হবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সকল অশুভ শক্তি প্রতিহত করবে।
সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৮ মার্চ আওয়ামী লীগের আলোচনা সভা সফল করতেই ঢাকা মহানগর আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, সারাদেশের মানুষ যখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তখন বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায়। তাই তাদের প্রতিহত করা ছাড়া উপায় নেই। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আসুন, বঙ্গবন্ধুর জন্মদিনে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপির চেয়ারপারসনের আহ্বানের সমালোচনা করে হানিফ বলেন, সভা সমাবেশের উপর এই সরকার কোনোদিন নিষেধাজ্ঞা জারি করেনি। ডিএমপি কমিশনার যখন সভা সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন, তখন তারা (বিএনপি) সমাবেশ করার অবস্থান থেকে ফিরে গেছেন। হরতাল-অবরোধ দিয়ে সহিংস রাজনীতির পথে চলে গেছেন। এখন আবার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন। এটা ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি প্রমুখ। বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সোমবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।