অর্থের বিনিময়ে নাশকতার ছবি তুলে রাজনৈতিক সংগঠনকে সরবরাহকারীদের তালিকা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
সোমবার দুপুরে ডিবি’র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি আরো জানান, বেশ কয়েকজন সংবাদ কর্মী রাজধানীতে অগ্নিসংযোগসহ নাশকতার ছবি তোলেন। এরপর তারা তাদের নিজের মিডিয়া হাউসে দেয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নেতাকর্মীদের কাছে সরবরাহ করে থাকেন। এমন অভিযোগে ১০ থেকে ১২ জন সংবাদকর্মীকে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসব সংবাদকর্মীদের অপেশাদার উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার জামায়াত ইসলামীর পরিচালিত ওয়েবসাইট বাঁশের কেল্লা’র এডমিন কে এম জিয়াউদ্দিন ফাহাদকে গ্রেফতার করে ডিবি। তাকে ডিবি অফিসে সাংবাদিকদের সামনে হাজির করার আধঘন্টার মধ্যে ঐ ছবি বাঁশের কেল্লা নামে আরো একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।