ঘণ্টা বাজিয়ে হরতাল-অবরোধের প্রতিবাদ শিক্ষকদের

 
 
হরতাল-অবরোধ কর্মসূচিতে শিক্ষার পরিবেশ বিঘ্ন হওয়ার প্রতিবাদে ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় শিক্ষকদের হাতে শান্তির প্রতীক সাদা পতাকাও ছিলো।
 
সোমবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধনে তারা এ ঘন্টা বাজান। হত্যা, সন্ত্রাস ও সহিংসতা বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
 
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, পেট্রোল বোমা, সন্ত্রাস বন্ধ করতে হলে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। সন্ত্রাস সৃষ্টিকারী বিএনপি-জামায়াতকে বুঝিয়ে দিতে হবে, তাদেরর সন্ত্রাসী কর্মকা্লের বিরুদ্ধে শিক্ষক-জনতা আজ ঐক্যবদ্ধ।
 
খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি নিজে শিক্ষিত নন, তিনি কিভাবে চাইবে যে ছেলেমেয়েরা শিক্ষিত হোক। তাইতো ২০১৪ সালের নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে পাঁচ শতাধিক প্রথমিক বিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়।
 
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাসারের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিরিন আখতার এমপি।