নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মেহেরনগর গ্রামে টিনের ঘরের চালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, একই গ্রামের মোঃ সামসু উদ্দিন খানের ছেলে সিরাজ খান (০৮) ও নয়ন সরকারের ছেলে সজিব সরকার (০৭)। সোমবার বিকাল আনুমানিক ছয়টায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাশের ঘর থেকে টিনসেড ঘরের টিনের নিচ দিয়ে পার্শ্বসংযোগ নেন নয়ন সরকার। সোমবার বিকালে দুই শিশু খেলাধুলার এক পর্যায়ের ঘরের চালে উঠে। পরে স্বজনরা বিকাল আনুমানিক ছয়টার দিকে উক্ত ঘরের চালের উপর দুই শিশুকে নিরব অবস্থায় শুয়ে থাকতে দেখে ঘটনা আচঁ করতে পেরে স্থানীয় বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে খবর দেয়। এরপর বিদ্যুৎ লাইন বন্ধ করে দ্রুত চালের উপরে উঠে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্বজনরা জানান, পার্শ্বসংযোগের তার ছিদ্র হয়ে টিনের চালের সঙ্গে সংযুক্ত হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।