জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস উপলক্ষ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
পরে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তাঁর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারো পুষ্পস্তবক অর্পণ করেন।
সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. মহীউদ্দীন খান আলমগীর, ওবায়দুল কাদের, এডভোকেট সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুবুল আলম হানিফ, আবুল হাসনাত আবদুল্লাহ, এডভোকেট কামরুল ইসলাম ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামসহ সিনিয়র আওয়ামী লীগ নেতারা।
আজ দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।