কুড়িগ্রামে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার ভোগডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড কাদুনে গ্যাস নিক্ষেপ করে।
এ ঘটনায় জামায়াত-শিবিরের ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- এরশাদুল হক, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা থেকে হরতালের সমর্থনে লাঠি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
মিছিলটি ভোগডাঙ্গা বাজারে পৌছিলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরকর্মীরা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড কাদুনে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় ৩ পুলিশ ও ২ জামায়াতকর্মী আহত হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই নাজমুল, কনস্টেবল আনোয়ার ও কনস্টেবল মহিমা রঞ্জন। আহত জামায়াত-শিবিরকর্মীদের নাম পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল করিম মোঃ. এশতেশাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।