কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, মঙ্গলবার রাতে হ্নীলার রঙ্গিখালী এলাকায় এক বাড়িতে অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম এক বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক জয়নাল উদ্দিনকে (৩২) আটক করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চার রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি চাকু উদ্ধার করা হয়। তিনি হ্নীলার রঙ্গিখালী এলাকার মকবুল আহমদের ছেলে।
ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।