লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতা মনু মিয়া মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনু মিয়া রায়পুর উপজেলার উত্তরচর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। তার পিতার নাম আমান উল্যা।
নিহতের বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করেছেন উত্তরচর আবাবিল ইউনিয়ন যুবলীগ সভাপতি কৌশিক আহমেদ সোহেল।
এর আগে ১৩ মার্চ শুক্রবার দুপুরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রায়পুরের হায়দরগঞ্জ বাজারের আওয়ামী লীগ নেতা হাওলাদার বাহিনী ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা (বিএসসি) ও যুবলীগ নেতা মনু মিয়াসহ দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে পাঠানো হয়।এ ঘটনায় পরদিন ১৪ মার্চ বিকেলে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহীদ উল্যার (বিএসসি) ছেলে মনঞ্জু হোসেন সুমন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
একইদিন রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হওলাদারের অনুসারী নাদিম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।
রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আখন্দ বলেন, মনু মিয়া ঢাকাতে মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এঘটনায় ফের কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সে জন্য হায়দরগঞ্জ বাজারে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।