নেদারল্যান্ডসে বসবাসরত এক চেচেন নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার জন্য সিরিয়া নিয়ে গেছেন। ডাচ সরকারি কৌসুলিরা সোমবার এই তথ্য জানিয়েছে।
৩২ বছর বয়সী ওই নারী তার সাত বছর বয়সী ছেলে লুকা ও আট বছর বয়সী মেয়ে আয়শাকে নিয়ে নেদারল্যান্ডসের মাসট্রিক্ট এলাকায় থাকতেন। গত অক্টোবরে তিনি তার দুই সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। ওই শিশুদের বাবা বলেছেন, তার সাবেক স্ত্রী তাকে না জানিয়েই দুই সন্তানকে নিয়ে চলে যান। এরপর থেকে তাদের আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। নেদারল্যান্ডসের পুলিশ তখন থেকে তাদের খোঁজাখুঁজি শুরু করে, এমনকি ইন্টারপোলকেও বিষয়টি জানানো হয়। ওই মহিলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও শেষ পর্যন্ত সিরিয়ায় পৌঁছে যান তিনি। এর আগে শিশুদের বাবা পুলিশকে তার সাবেক স্ত্রীর সিরিয়া ভ্রমণের চেষ্টার কথা জানিয়েছিলেন। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নারী এমন পরিকল্পনার কথা অস্বীকার করেন।
ধারণা করা হচ্ছে, বাড়তি কোনো পদক্ষেপ না নেওয়ায় গোপনে দুই শিশুকে নিয়ে নেদারল্যান্ডস ছাড়তে সক্ষম হন তাদের মা। ওই নারী এখন চরমপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত রাকা শহরে রয়েছেন। সেখানে পৌঁছানোর পর ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ওই নারীর অপর দুই শিশু সন্তান নেদারল্যান্ডসে তাদের আত্মীয়দের বাড়িতে আছে বলে ডাচ গণমাধ্যম জানিয়েছে। সূত্র: আল জাজিরা ও বিবিসি