সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সাথে রেল যোগাযোগ চালু

 
প্রায় সাড়ে ৫ ঘণ্টা খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর মঙ্গলবার রাত পৌনে ১০টায় রেল চলাচল শুরু হয়েছে। একমাসের মধ্যে তৃতীয় বারের মতো যশোরের সিঙ্গিয়ায় মালবাহী ট্রেন লাইন চ্যুত হল।
যশোর-খুলনা মহাসড়কের ওপর সিঙ্গিয়া রেলক্রসিংয়ে মহাসড়কের ওপরে লাইনচ্যুত হওয়ায় রেল ও সড়ক দুই যোগাযোগ ব্যবস্থাই স্থবির হয়ে পড়ে। এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হলেও রেল যোগাযোগ শুরু হয় রাত পৌনে ১০টায়।
যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন মঙ্গলবার বিকেল ৪টার পর যশোর জংশন ছেড়ে খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটির একটি বগির দুটি চাকা সিঙ্গিয়া রেলক্রসিংয়ের ওপর লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর মহাসড়কের উপরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় যশোর-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের অতিরিক্ত ইঞ্জিন গিয়ে লাইনচ্যুত বগি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়ায় সড়কে চলাচল এক ঘণ্টা পর সাড়ে ৫টার দিকে চালু হয়। লাইনচ্যুত বগিটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর রাত পৌনে ১০টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত একমাসে সিঙ্গিয়ায় এ নিয়ে তিন দফা ট্রেন লাইনচ্যুত হল। গত ১৭ ফেব্রুয়ারির পর গত ১৪ মার্চ একই স্থানে ট্রেন লাইনচ্যুত হয়। এরপর মঙ্গলবার বিকেলে আবারও এ ঘটনা ঘটল।