‘স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব’

‘আমার স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব।’ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে ইউনিভার্সিটি টিচারর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) একটি প্রতিনিধিদল গুলশানের বাসায় সাক্ষাত্ করতে গেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ এ কথা বলেন।
সরকারের উদ্দেশে সালাহ উদ্দিনের স্ত্রী বলেন, ‘আমার স্বামী যদি অপরাধ করে থাকে, তাহলে আদালতে হাজির করে বিচার করুন।’
হাসিনা আহমেদ বলেন, ‘আমার স্বামীকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি না।’
উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার হয় বলে তার পরিবারের অভিযোগ করেছিল। এর ঘটনার পর স্বামীর খোঁজ চেয়ে উচ্চ-আদালতে রিট করেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। এ পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়—পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার খোঁজও পাওয়া যাচ্ছে না। হাই কোর্ট আগামী ৮ এপ্রিল ফের শুনানির তারিখ ধার্য করেছে।