রাজধানীর তুরাগে মাফলার ও দড়ি দিয়ে দুই হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিয়াবাড়ী ১৫ নম্বর সেক্টরের ৪/এ রোডের ৩৩ নম্বর প্লটের সামনের রাস্তা থেকে মঙ্গলবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, নিহতের মুখ ও মাথা থেঁতলানো। ছাই রঙের গেঞ্জি ও লাল চেক গামছা দিয়ে গলা পেঁচানো ছিল। এ ছাড়া লাশটির দুই হাত মাফলার ও দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘি রঙের শার্ট ও ব্লু জিন্স পরিহিত ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে যায়। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় মিললে খুনীদের ধরা সহজ হবে বলে জানান এসআই কামাল।