মেয়েকে নাইওর আনতে গিয়ে বাবার মৃত্যু

 
মাত্র তিনদিন আগে মুন্সিগঞ্জের এক পরিবারে বড় মেয়ে শাকিলার বিয়ে হয়েছে। ছোট দুই ছেলেকে সঙ্গে নিয়ে খুব পরিপাটি হয়ে মেয়েকে নাইওর আনার জন্য মুন্সীগঞ্জে যাচ্ছিলেন বাবা। কিন্তু রাজধানীর গুলিস্তানে আসার পর তার পথযাত্রা থেমে যায়। ঘাতক একটি বাসের চাপায় প্রাণ হারায় বাবা আব্দুল গাফফার (৫০)।
 
মেয়েকে নাইওর আনা হলো না ভাগ্যের নির্মমতার কাছে হেরে যাওয়া হতভাগা বাবার। নিহত গাফফারের নিথর দেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
সকালে দুই ছেলে সোহান ও আশিককে নিয়ে সাভারের দক্ষিণ রাজাসনের নিজ বাসা থেকে মুন্সিগঞ্জে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন গাফফার। দুপুরে গুলিস্তান-ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে পৌঁছেন তারা। সেখানে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতর ছেলে সোহান জানান, তার বড়বোন শাকিলাকে নাইওর আনার জন্য বাবার সঙ্গে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। তিনদিন আগে তার বড় বোনের বিয়ে হয়েছে। তারা সাভার দক্ষিণ রাজাসন এলাকায় থাকেন। তার বাবা সাভারের একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনাটি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।