‘পরিস্থিতি স্বাভাবিক করার ফর্মুলাই হলো আলোচনা’

 
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার ফর্মুলা একটিই, তা হলো আলোচনা। পৃথিবীর যেকোনো রাজনৈতিক সমস্যা শুধু কথা বলে, আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। যদিও প্রধানমন্ত্রীর কোনো কোনো পরামর্শদাতা বিষয়টি বোঝেন না।’ বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ’ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
বি চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর আশপাশে যারা আছেন, তারা কী ভাবে কথা বলেন! বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া কিছুতেই গ্রহণযোগ্য নয়। এটা কেমন রাজনীতি! একজন মানুষ পুরোপুরি নিখোঁজ হয়ে যাবে, কেউ জানবে না!’
আয়োজক সংগঠনের সভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খলিলুর রহমান, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ছড়াকার আবু সালেহ, মুক্তিযোদ্ধা ইমতিয়াজ হোসেন চপল ও গণসংহতি দলের সভাপতি এস আল মামুন প্রমুখ।