জাভা সাগরে বিদ্ধস্ত এয়ার এশিয়ার বিমানের নিখোঁজ যাত্রীদের লাশের উদ্ধার অভিযান মঙ্গলবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হচ্ছে। উদ্ধার অভিযাবে নিযুক্ত জাহাজটি বুধবার জাভা সাগর থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধানের বরাত দিয়ে খবরটি দিয়েছে বিবিসি।
সাগর থেকে এখন পর্যন্ত ১০৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্লেনটিতে থাকা অপর ৫৬ জনের কোন হদিস পাওয়া যায়নি।
তবে অভিযান সমাপ্ত করায় নিখোঁজ স্বজনদের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে অনির্দিষ্ট সময় ধরে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।
গত বছর ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে ১৬২ জন আরোহী নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পথে এয়ার এশিয়ার একটি বিমান জাভা সাগরে বিদ্ধস্ত হয়।
যাত্রীদের মধ্যে তিনজন দক্ষিণ কোরিয়ার এবং একজন করে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের যাত্রী ছিল। বাকি যাত্রীরা ইন্দোনেশিয়ার।