ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুতর্জা। ভারতীয় একটি দৈনিককে দেয়া সাক্ষাত্কারে মাশরাফি বলেছেন, ‘ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে আমি চিন্তিত নই, রিলাক্সে আছি।’
মাশরাফির ভাগ্য সব সময়ই ভালো। ২০০৭ সালে ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেরা আটে ওঠার পেছনে তার ছিল অনন্য অবদান। সেদিন ভারতীয় ব্যাটিং টপ অর্ডারে ধস নামান তিনি। বিরেন্দ্রর শেবাগ ও রবিন উথপ্পার উইকেট নেয়ার পাশাপশি ৩৮ রানের খরচায় চার উইকেট শিকার করেন। দুরন্ত সেই পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন।
এখন থেকে আট বছর আগে মাশরাফি যেমন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, ঠিক তেমনি চলতি বিশ্বকাপেও তার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ দল। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে না নামলেও তিনি সুস্থ রয়েছেন। ভারতের বিপক্ষে খেলার জন্য তিনি শতভাগ প্রস্তুত।
মাশরাফি অন্য একটি পত্রিকায় দেয়া সাক্ষাত্কারে বলেছেন, ভারতের বিপক্ষে এই ম্যাচে কোনো চাপ নিচ্ছেন না তারা। তবে জয়ের জন্য ‘শেষ রক্তবিন্দু’ দিয়ে হলেও চেষ্টা করবেন বলে জানিয়েছেন দেশসেরা এই পেসার। ২০০৭ সালের সেই স্মৃতি ফেরানোর জন্য চেষ্টায় তাদের কোনো কমতি থাকবে না বলে জানালেন দলের অন্যতম এই অনুপ্রেরণা।
ভারতের বিপক্ষে বড় এই ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম রোমাঞ্চিত হলেও তিনি নির্ভার বলে দাবি করেছেন।