ওসামা বিন লাদেনের চিকিৎসক শাকিল আফ্রিদির সাবেক এক আইনজীবী বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে এ ঘটনা ঘটে। তালেবান আদর্শ লালন করে এমন দুইটি গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেছে। খবর বিবিসি’র।
নিহত আইনজীবী সামিউল্লাহ আফ্রিদি বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।
উল্লেখ্য, জঙ্গিদের হুমকির মুখে সামিউল্লাহ ২০১৩ সালে পাকিস্তান থেকে পালিয়ে যান। গত বছর দেশে ফিরে তিনি এসে ওই চিকিৎসকের আইনজীবী হিসেবে আর কাজ করছেন না বলে জানান।
খাইবারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকায় জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-ইসলামিকে সহযোগীতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শাকিল আফ্রিদিকে ৩৩ বছর কারাদণ্ড দেয় আদালত। এ সাজার বিরুদ্ধে আপিল করেন ডা. শাকিল।