তিন সিটিতে নির্বাচন ২৮ এপ্রিল

 
 
ঢাকার উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ মার্চ, যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল। আর প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।
 
এদিকে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দিয়ে সিইসি বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করলাম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারণামূলক সব পোস্টার বিলবোর্ড নিজ দায়িত্বে নামিয়ে ফেলতে হবে। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
 
কমিশনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানান, ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন শাহ আলম। এই সিটি করপোরেশনে ওয়ার্ড সংখ্যা-৩৬টি। ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩। আর ভোটকেন্দ্রের সংখ্যা ১০৮৭টি। ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপালন করবেন মিহির সারওয়ার মোর্শেদ। এর ওয়ার্ড সংখ্যা ৫৭টি, ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩, ভোটকেন্দ্র-৮৭৩। এবং চট্টগ্রাম সিটির রিটার্নিং অফিসার থাকছেন আবদুল বাতেন। ওয়ার্ড সংখ্যা-৪১টি, ভোটার ১৮ লাখ ২২হাজর ৮৯২, ভোটকেন্দ্র-৭৫০।