গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার দুই যাত্রী নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন । বুধবার দুপুর সোয়া দু’টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝিলিঙ্গি গোয়ালপাড়া রেইট্রিতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কোরাল মিয়া (২৮) বগুড়া শহরের চেলোপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে এবং রায়হান মিয়া (২৫) একই এলাকার রেজাউল ইসলামের ছেলে। আহত চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল ইসলাম জানান, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা ছয়জন যাত্রী নিয়ে বগুড়া থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে অটোরিক্সাটি ওই এলাকায় পৌঁছলে গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও ৪ জন আহত হয়।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির জানান, ট্রাকটি আটক করা সম্ভাব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।