আবহাওয়া রাডার ব্যবস্থার নকশা প্রণয়নে অনুদান চুক্তি

 
 
 
 
 
 
 
আবহাওয়া রাডার ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের নকশা প্রণয়নে ২৪ মিলিয়ন জাপানি ইয়েন অর্থাত্ ১ কোটি ৮২ লাখ টাকার সমপরিমাণ অনুদান সহায়তা দেবে জাপান সরকার। এ বিষয়ে বুধবার বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে বিনিময় নোট এবং অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলনকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার প্রতিনিধি মিকিও হাতেদা অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্য দিকে, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন দুটিতে স্বাক্ষর করেন।
এ সময় জানানো হয়—মূল প্রকল্পটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন হবে। আলোচ্য প্রকল্পের মাধ্যমে ঢাকার গাজীপুর ও রংপুরে অবস্থিত আবহাওয়া রাডার সিস্টেমের আধুনিকায়নসহ উক্ত রাডার দুটিকে আধুনিক ডপলার রাডার দ্বারা প্রতিস্থাপন করা হবে। এর মাধ্যমে প্রাপ্ত আবহাওয়া সংক্রান্তর তথ্য-উপাত্ত বিশ্লেষণ-পূর্বক মারাত্মক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগাম সতর্কতা জারিসহ এর পূর্বাভাস প্রদানের সক্ষমতার উন্নয়ন ও শক্তিশালীকরণ করা হবে। চুক্তি অনুযায়ী উপস্থাপিত ডিটেইল ডিজাইন অংশটি দ্বারা শুধু মূল প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়ন করা হবে।