২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অপ্রয়োজনীয় সাক্ষী বাদ দিয়ে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের জন্য কমিটি তাগিদ দিয়েছে।
 বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে- দুই মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে সারা দেশে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন পদ সৃষ্টি করে বিচারক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে। জমে থাকা মামলার বিষয়ে আইন কমিশনের দুটি ও সংসদীয় স্থায়ী কমিটির একটি নিয়ে মোট তিনটি প্রতিবেদন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম উন্নয়নে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও সুপারিশ করে কমিটি।
কমিটি সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন ও শামছুল হক টুকু অংশ নেন। আইন কমিশনের চেয়ারম্যান, আইন ও বিচার বিভাগের সচিব, আইন কমিশনের ভারপ্রাপ্ত সচিব প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।