পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বুধবার দেশে চলমান নারকীয় হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টিতে আরও বহুমুখী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। বিশ্ববাসী যাতে বাংলাদেশ সম্পর্কে সঠিকভাবে অবহিত হতে পারে, সেজন্য ঘটনা সম্পর্কে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য বিদেশি মিশনগুলোর মাধ্যমে সারাবিশ্বে তুলে ধরার প্রক্রিয়া অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি তাগিদ দেয়।
বৈঠকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো এবং পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সামপ্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হয়।
বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ২৮তম সেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে জেনেভা সফরের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এছাড়াও বৈঠকে লিবিয়ায় আইএস কর্তৃক দু’জন বাংলাদেশিকে অপহরণের বিষয়ে আলোচনা হয় এবং তাদের মুক্তির জন্য সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয় কমিটি।
কমিটি সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সোহরাব উদ্দিন ও মাহজাবিন খালেদ বৈঠকে অংশ নেন।