মোবাইল ভয়েস কলে স্পিকারের কণ্ঠে পুষ্টিবার্তা পাবেন ৪ কোটি গ্রাহক

 
 
মোবাইল ভয়েস কলের মাধ্যমে পুষ্টিবার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বস্তরের জনগণের মধ্যে পুষ্টিবার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর কণ্ঠে ৪ কোটি মোবাইল ফোন গ্রাহক ভয়েস কলের মাধ্যমে এ পুষ্টিবার্তা পাবেন।
বুধবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা ও ইউনিসেফ এ কার্যক্রমে সহযোগিতা করছে।
অনুষ্ঠানে জানানো হয়—রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর সংস্থা ‘টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং ইএটিএলের সহায়তায়’ দেশের সকল মোবাইল অপারেটরের মাধ্যমে ৪ কোটি মোবাইল ফোন গ্রাহকের নিকট ভয়েস কল পৌঁছে দেয়ার দায়িত্ব বাস্তবায়ন করছে।  টেলিটক বাংলাদেশ লিমিটেডের ০১৫১৩-৪৫৬৭৮৯ ফোন নম্বর হতে ভয়েস কল করা হবে। এ জন্য স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর পুষ্টিবার্তা সম্পর্কিত ‘মোবাইল ভয়েস কল’ ধারণ করা হয়েছে। ২৯ সেকেন্ডের এই ভয়েস কলে জাতীয় পুষ্টি সেবার পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, ‘জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ান। ৬ মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ এবং ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান। গর্ভধারণের প্রথম দিন থেকে প্রসবের ৯০ দিন প্রতিদিন একটি করে আয়রন ফলিক এসিড বড়ি খাবেন। পুষ্টিজনিত যেকোনো প্রয়োজনে কমিউনিটি ক্লিনিক বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোকসানা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নূর হোসেন তালুকদার, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ডা. মাখদুমা নার্গিস। ভয়েস কল সম্পর্কিত একটি সংক্ষিপ্ত মাল্টিমিডিয়া উপস্থাপন করেন ইএটিএলের প্রধান নির্বাহী অফিসার ডা. নিজাম উদ্দিন আহম্মেদ।