আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের দরিদ্র রোগীদের সেবা দেয়া মানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সন্মান করা। তাই এ বছর বঙ্গবন্ধুর জন্মদিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিনামূল্যে সরকারি সারাদেশে সরকারি হাসপাতালে চিকিত্সা সেবা দেয়া হয়। আগামী বছর থেকে এ দিনে সারা দেশে সরকার সব হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হবে।’
বুধবার শেরেবাংলা নগরে রাজধানী উচ্চবিদ্যালয়ে শিশুদের কিডনি রোগ প্রতিরোধ ও রোগ নির্ণয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় কিডনি রোগ ও নিউরোলজি ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হবে।’ বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশে একজন নেত্রী আছেন, যিনি কোমলমতি শিশু ও গর্ভবতী মায়েদের আগুন দিয়ে পুড়িয়ে মারছেন। তার কোনো দয়া-মায়া থাকলে এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারতেন না।’
জাতীয় কিডনি রোগ ও নিউরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদিনের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, রাজধানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল মিয়া প্রমুখ।