আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি ধ্বংস হয়ে গেলে একটি জাতি আশাহীন হয়ে পড়ে। তাই রাজনীতির প্রতি আস্থা হারালে চলবে না। ভালো মানুষ রাজনীতিতে আসলে দুষ্টু লোকরা চলে যেতে বাধ্য হবে।’ বুধবার রাজধানীর মতিঝিল মডেল স্কুল মাঠে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতা-বিরোধীদের অসুস্থ রাজনীতির কারণেই দেশের তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে। যে রাজনীতি পেট্রোল বোমা ছোড়ে, অগ্নিসংযোগ করে শিশু-কিশোরদের জীবন বিপন্ন করছে, তাদের শিক্ষাজীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেটা কোনো সুস্থ রাজনীতি নয়। এ সব কর্মকাণ্ডে জড়িত রাজনীতিবিদদের মুখের বিষ ফরমালিনের চেয়ে ভয়ঙ্কর।’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘নষ্ট রাজনীতিকে ঘৃণা করতে হবে। চরিত্রহীন, নষ্ট মানুষ যাতে রাজনীতির মঞ্চে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সে জন্য সতর্ক হতে হবে। রাজনীতির প্রতি আস্থা হারালে চলবে না। রাজনীতি ধ্বংস হয়ে গেলে একটি জাতি আশাহীন হয়ে পড়ে। তাই দেশে সুস্থ রাজনীতির চর্চা করতে সমাজের সত্ ও মেধাবীদের এগিয়ে আসতে হবে।’
বর্তমান রাজনৈতিক অস্থিরতায় শিক্ষাঙ্গণে তৈরি হওয়া অনিশ্চয়তায় শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জীবন হচ্ছে চ্যালেঞ্জ। যে যত বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করবে, ততই সে জীবনে শক্ত ভেতের ওপর প্রতিষ্ঠিত হবে। দুর্যোগের মোকাবিলা করে এগিয়ে যাওয়ার নামই জীবন।’ তিনি বলেন, ‘পেট্রোল বোমা মেরে তারা যতই ভয় দেখাক, মুক্তিযুদ্ধের চেতনা থেকে উত্সারিত এ দেশকে কেউ আফগানিস্তান কিংবা সোমালিয়া বানাতে পারবে না। সিরিয়া কিংবা ইরাকও বানাতে পারবে না। এমনকি পাকিস্তানের মতো বিপজ্জনক রাষ্ট্রও পরিণত করতে পারবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শামসী।