তিনি নিজেও অনেক ইতিহাসের নায়ক। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, প্রথম বিশ্বকাপের অধিনায়ক এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুল। জীবনে বড় ঘটনা এই দেশের ক্রিকেটে কম দেখেননি। তারপরও বুলবুলের মতো অভিজ্ঞ মানুষও মানছেন, আজকের কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত।
সাবেক এই অধিনায়ক অস্ট্রেলিয়ায় এখন বাংলাদেশের খেলা দেখছেন। সেখান থেকেই বলছিলেন, ‘এই ম্যাচটা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। বাংলাদেশের ইতিহাসে যতগুলো দ্বিপাক্ষিক ম্যাচ খেলেছে, বিশ্বকাপে ম্যাচ খেলেছে; এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলা হচ্ছে মেলবোর্নের মতো একটা ফেমাস ভেন্যুতে। যেখানে প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবং খেলাটা নক আউট পর্যায়ে। যে জিতবে সে সেমিফাইনালে চলে যাবে, এবং বাংলাদেশ এর আগে যতগুলো ম্যাচ খেলেছে। এই ম্যাচটা হবে অন্যতম সেরা ম্যাচ। যদি বাংলাদেশ জয়ী হতে পারে।’
শেষ পর্যন্ত খেলাটা যে অনেকটাই মনের লড়াই হবে, সেটা উল্লেখ করতে ভুললেন না বুলবুল। বলে দিলেন যে চাপ কম নেবে, তারই জয় হবে, ‘এটা নির্ভর করবে কে চাপটা নিচ্ছে। আমরা ভাবচি আমরা চাপে আছি। ভারতীয়রা ভাবছে তারা চাপে আছে। গ্যালরিতে আশি-নব্বই হাজার লোক দেখলে একটু চাপ থাকবেই। তবে যখন আমরা ব্যাটিং করবো সেটা নিয়েই ভাবতে হবে। আবার যখন বোলিং করবো সেটা নিয়ে চিন্তা করবো। ম্যাচের ওয়েটের দিকে চিন্তা করলে বাংলাদেশের চেয়ে ভারত বেশি চাপে থাকবে।’