গোপালগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ২ ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জের ওড়াকান্দিতে বারুনীর মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বেলুন ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- বাগেরহাট জেলার সদর উপজেলার পূর্ব সাহারা গ্রামের নলীন মন্ডলের ছেলে পলাশ মন্ডল (২৭) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালোমৃধা গ্রামের মো. আব্দুল আজিজ খলিফার ছেলে মো. শহিদ খলিফা (২৫)। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার ওই দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ৭টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে বেলুন ফুলানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মারাত্মক আহত ফারুককে (৩৫) গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী শ্যামল কান্তি দাস, অমর মন্ডল  জানিয়েছেন, ওই দু’জন মেলার এলাকার একটি পতিত জমিতে বসে গ্যাস সিলিন্ডার থেকে বেলুন ফুলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ওই তিনজন তিনদিকে ছিটকে পড়েন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান। শব্দে স্নানোেব আসা পুণ্যার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা দিকবিদিক ছোটাছুটি করে।