বাংলাদেশকে হালকাভাবে নেয়ার প্রশ্নই নেই: শাস্ত্রী

ভারত গ্রুপ পর্বে দাপটের সঙ্গে খেলে আসলেও কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে নির্ভার থাকছে না তারা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ মাঠে নামার আগে তাদের তাড়িয়ে বেড়াচ্ছে ২০০৭ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার দুঃসহ স্মৃতি। প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে সতর্কতা উচ্চারণ করে টিম ইন্ডিয়ার পরিচালক রবি শাস্ত্রী বলেন, ‘মনে হচ্ছে ওদের হালকাভাবে নেয়ার প্রশ্নই নেই। ওরা আমাদের ২০০৭ এ হারিয়েছে। এশিয়া কাপে শচীন সেঞ্চুরি করার পরেও হারিয়ে দিয়েছে আমাদের।’

ভারতের অনেক ক্রিকেটামোদীই বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে বাংলাদেশি জনতাকে চটিয়ে দিয়েছেন। কিন্তু এসব কিছুতে কর্ণপাত না করে মাশরাফিদের বড় প্রতিপক্ষ হিসেবেই ভাবছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘দেখুন কে কী বলেছে সেটা নিয়ে আমি কিছু বলব না। আমি কেবল এটুকু বলতে পারি যে, এই দলটা আমাদের দু’টো বড় টুর্নামেন্টে হারিয়েছে। নিউজিল্যান্ডের মতো দলকে টানা সাত বার হারিয়েছে। এই টুর্নামেন্টে যারা এত ভাল খেলছে তাদের সম্মানের সঙ্গে দেখা ছাড়া কোন উপায় খোলা নেই। আমি এর বেশি কিছু বলতে চাই না।’