পিডিএফ ফরম্যাটের ফাইলগুলোকে নিয়ে অনলাইনে কাজ করার সুযোগ করে দিতে নতুন টুলস অবমুক্ত করলো অ্যাডোবি। ‘অ্যাক্রোবেট ডক্যুমেন্ট ক্লাউড’ নামের এই অনলাইন টুলস ব্যবহার করে অনলাইনেই পিডিএফ ফাইল তৈরি করা যাবে এবং সম্পাদনাও করা যাবে। মাসিক ১৫ ডলারের সাবস্ক্রিপশনভিত্তিক এই সেবায় ডিজিটাল স্বাক্ষর সংযোজনের সুবিধা ছাড়াও থাকছে ডক্যুমেন্ট ট্র্যাকিংয়ের জন্য বিশেষ সফটওয়্যার এবং এই সেবার মোবাইল সংস্করণ। ইন্টারনেটের জনপ্রিয়তার এই সময়ে বিভিন্ন সেবাকেই অনলাইনে নিয়ে আসার জন্য ক্লাউড কম্পিউটিংয়ের দিকে ঝুঁকে পড়েছেন সকলেই। অ্যাক্রোব্যাট ডক্যুমেন্ট ক্লাউডের মাধ্যমে এবারে তারা পিডিএফ ফাইলগুলোকে নিয়েও ক্লাউড প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তৈরি করে দিল। অ্যাডোবি জানিয়েছে অনলাইনে পিডিএফ ফাইল তৈরি করা, সম্পাদনা করা, রিভিউ করা, অনুমোদন করা, ই-স্বাক্ষর যুক্ত করা, ডক্যুমেন্ট ট্র্যাক করার মতো সব কাজই করা যাবে অ্যাক্রোব্যাট ডক্যুমেন্ট ক্লাউড ব্যবহার করে। মোবাইল প্ল্যাটফর্মের সমর্থন রাখার সাথে সাথে স্পর্শ-নির্ভর (টাচ-এনাবল্ড) ডিভাইসের জন্যও এটি সমান দক্ষতায় কাজ করবে। নতুন এই সেবা প্রসঙ্গে অ্যাডোবির টেকনোলজি অ্যান্ড কর্পোরেট ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ল্যামকিন বলেন, ‘ডক্যুমেন্ট প্রসেসিংয়ের বর্তমান ধীরগতির, অপচয়মূলক ও বিচ্ছিন্ন প্রক্রিয়ায় ব্যক্তি এবং ব্যবসায় প্রতিষ্ঠান উভয়ই আটকে রয়েছে। বই, চলচ্চিত্র, সংগীত—সবই এখন ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত হয়েছে। কিন্তু এর সাথে তাল মিলিয়ে নিত্যদিনের ডক্যুমেন্ট প্রসেসিংয়ের কাজের কোনো রূপান্তর হয়নি। আমরা মনে করি এই প্রবণতার পরিবর্তন প্রয়োজন। ডক্যুমেন্ট প্রসেসিংয়ের অনেক জটিল কাজকেও আরও সহজ করতে অ্যাক্রোব্যাট ডক্যুমেন্ট ক্লাউড যুগান্তকারী ভূমিকা পালন করবে।’