মুন্সীগঞ্জে মাসুম হত্যা: দুইজনের যাবজ্জীবন

আমিনুল ইসলাম মাসুম হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এক দশক আগে মুন্সীগঞ্জে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে বিকল্প ধারার কর্মী মাসুমকে হত্যা করা হয়েছিল। 
বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্রীনগর উপজেলার শাহাদাত এবং বাবুল। উপ-নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছিলেন তারা।
দণ্ডপ্রাপ্ত বাবুল রায়ের সময় আদালতে হাজির ছিলেন। শাহাদাত শুরু থেকেই পলাতক।
যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি বিচারক তাদের প্রত্যোককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও এক বছর করে জেল খাটতে হবে তাদের।
২০০৪ সালের ৭ জুন উপনির্বাচনের পরদিন মাহীর বিজয় মিছিলে আসামিরা হামলা করলে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মাসুম নিহত হন।