মান্নার প্রাণহানির আশঙ্কা করছে পরিবার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার বলেছেন, একজন অসুস্থ মানুষের সঙ্গে রিমান্ডের নামে কী ধরনের আচরণ করা হয়েছে হাসপাতালের সিসিইউতে ভর্তি হওয়া থেকেই বোঝা যায়। আমরা মান্নার প্রাণহানির আশঙ্কা করছি। তাকে জামিনে মুক্তি দেয়ার আবেদন করছি। দু’টি মামলায় তাকে ২০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। প্রথম রিমান্ডের সময় তার সঙ্গে ওষুধ দেয়ার সুযোগও দেয়া হয়নি।
বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার তোপখানা রোডে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি স্বামীর জামিনে মুক্তির দাবিও জানিয়েছেন। অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মান্নাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মান্নার পরিবার ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
২৩ ফেব্রুয়ারি বনানী থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মান্নাকে আটক করে। যদিও ২৪ ফেব্রুয়ারি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ধানমণ্ডি থেকে মান্নাকে গ্রেফতার করা হয়। মান্নাকে দুটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়।