অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার আগে পরামর্শের জন্য দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর শরণাপন্ন হয়েছে। ৪৯ বছর বয়সী ওয়াহর অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে ১৯৮৭ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অন্যতম সদস্য ছিলেন তিনি, ছিলেন ১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার দলের অধিনায়ক। তাই শুক্রবার পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে পরামর্শ নিতে ভুলেনি মাইকেল ক্লার্করা। মঙ্গলবার রাতে খাবার খাওয়ার সময় দলের সবাই স্টিভের সঙ্গে দেখা করে। নেটে দলের অনুশীলনের সময়ও উপস্থিত ছিলেন সাবেক এই তারকা ব্যাটসম্যান। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ বলেন, ‘রাতের খাবারের সময় তার (স্টিভ ওয়াহ) সঙ্গে আমাদের ভালো কথা হয়েছে। এখানে কেবল ক্রিকেট এবং বিশ্বকাপ নিয়েই কথা হয়েছে। তিনি একটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবেও একটি বিশ্বকাপ জিতেছেন। তাই এ কথা বলার জন্য তার চেয়ে বেশি যোগ্য খেলোয়াড় খুব বেশি নেই।’