মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে

 
প্রতি মাসেই মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের ধারা ঊর্ধ্বমুখি হলেও গত ফেব্রুয়ারিতে ব্যতিক্রম দেখা গেছে। এ মাসে দৈনিক গড়ে ৩৬৫ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের মাসে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৩৭৮ কোটি টাকা। এ হিসেবে এক মাসের ব্যবধানে দৈনিক লেনদেনের পরিমাণ ১৩ কোটি টাকা যা ৩ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
 
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে মোবাইল ব্যাংকিং এ মোট ১০ হাজার ৯৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের মাস জানুয়ারিতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১১ হাজার ৩৩৮ কোটি টাকা।
 
ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট এজেন্ট দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৪২০ জন। আগের মাসে ছিলো পাঁচ লাখ ৩৫ হাজার ৮২১।
 
এ হিসাবে আগের মাসের তুলনায় এজেন্ট সংখ্যা সামান্য বেড়েছে। তবে ডিসেম্বরের তুলনায় জানুয়ারি শেষে এজেন্ট সংখ্যা পাঁচ হাজার ১৬৩ জন কমে পাঁচ লাখ ৩৬ হাজারে নেমে এসেছিল। বাংলাদেশ ব্যাংক এ যাবত ২৮টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং কার্যত্রক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে। এখন পর্যন্ত ১৯টি ব্যাংক এ কার্যক্রম চালু করেছে।