শিশু সাঈদ হত্যা: গেদা আরো তিনদিনের রিমান্ডে

 
সিলেটের স্কুল ছাত্র সাঈদ (৯) হত্যা মামলায় গ্রেফতারকৃত আতাউর রহমান গেদাকে দ্বিতীয় দফায় আরো তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
 
বৃহসপতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট জহিরুল গণি তার রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কোতয়ালী থানার এস আই শাহ মোহাম্মদ ফজলে আজিম বলেন প্রথম দফায় তিনদিনের রিমান্ডশেষে বৃহসপতিবার বেলা ১১টার দিকে গেদাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে  পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসার ৩ তলা থেকে সাঈদের বস্তা বন্দী গলিত লাশ উদ্ধার করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
 
গত রবিবার এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় পুলিশ কনস্টেবল এবাদুর।
 
সোমবার স্বীকারোক্তি দেয় রাকিব। গেদাকে সোমবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  এ ঘটনায় সাঈদের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।