রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞানের লালনভক্ত প্রফেসর একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় গ্রেফতারকৃত হিসাব কর্মকর্তা নাসরিন আখতার রেশমা পুলিশ রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে মামলার তদন্তের স্বার্থের কথা বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ওই তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।
এদিকে দুই দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে রেশমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ৬ মার্চ নগরীর মেহেরচন্ডি থেকে রেশমাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আবদুল মজিদ জানান, দুই দিনের জিজ্ঞাসাবাদে রেশমা অধ্যাপক লিলন হত্যাকান্ড সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এতে মামলা তদন্তের গতি বাড়বে। তবে তদন্তের স্বার্থে এখনই ওইসব তথ্য গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে র্যাবের হাতে গ্রেফতার যুবদল নেতা আবদুস সামাদ পিন্টুর স্ত্রী রেশমা রাবির হিসাব বিভাগের সেকশন অফিসার।
র্যাবের দাবি, এই রেশমার সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ কারণেই অধ্যাপক শফিউলকে হত্যার পরিকল্পনা করেন তার স্বামী পিন্টু। কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতির দায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে সাময়িকভাবে বরখাস্তও করেছে।
উল্লেখ্য, গতবছর ১৫ নভেম্বর বিকেলে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে লালনভক্ত অধ্যাপক শফিউল ইসলাম লিলন খুন হন। এই মামলায় র্যাবের হাতে ছয় যুবদল নেতা এবং পুলিশের হাতে রেশমা, যুবদল ও জামায়াত-শিবিরের ১২ জনসহ ১৮ জন গ্রেফতার রয়েছে। এই মামলায় মোস্ট ওয়ানটেড জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল পলাতক।