'শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে সরকার বদ্ধ পরিকর'

 
শিক্ষকদের পেশাগত ও সামাজিক মর্যাদা সুসংহত করার লক্ষ্যে উন্নয়নশীল বিশ্বের অনুরূপ স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে সরকার বদ্ধ পরিকর বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন।
বৃহস্পতিবার টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত জাতীয় প্রতিনিধি সভা-২০১৫ এবং ‘শিক্ষার বৈপ্লবিক উন্নয়নে বর্তমান সরকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বর্তমান সরকারের আমলে অর্জিত সাফল্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রচারের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক প্রফেসর ড. আব্দুর মান্নান চৌধুরী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
জাতীয় প্রতিনিধি সভায় প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীকে সভাপতি ও অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুকে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নির্বাচন শেষে শিক্ষামন্ত্রী নবনির্বাচিত কমিটি ও উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান।